প্রকাশিত: Sun, Jan 15, 2023 9:42 AM
আপডেট: Thu, Jun 4, 2026 2:19 PM

হতদরিদ্রদের সাহায্যে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের ভূমিহীন ও গৃহহীনদের ঘর বানিয়ে দিচ্ছে। দেশের বিত্তবান মানুষদেরও দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধি দল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। বাসস

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কোনো মানুষ ভূমিহীন বা ঠিকানাহীন থাকবে না।  অনুষ্ঠানে বিএবিভূক্ত ৩৬টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জন্য ১১৩ কোটি ২৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। দেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণ করে দেয়ায় এগিয়ে আসার জন্য সমাজের ধনীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শুধু সরকারই নয়, বরং আমরা সবাই মিলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, জমি ও ঘর পাওয়ার পর অনেক গৃহহীন ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। এদের অধিকাংশকেই ইতোমধ্যে জমি ও ঘর দেয়া হয়েছে। এখন অল্প কয়েকজন বাকী আছে। তাদের জন্যও বাসস্থান নির্মাণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এই আশ্রায়ন প্রকল্প থেকে যারা ঘর পেয়েছেন-তাদের মুখের হাসি ও মনের সন্তুষ্টি থেকে বড় আর কোন প্রাপ্তি হতে পারে না। অনেকেই যারা আশ্রায়ন প্রকল্পে দুই ডেসিমেল জমি পেয়েছেন- তারা সেখানে শাকসবজি চাষ, হাঁসমুরগি পালন, কুটির শিল্প ও দোকান গড়ে তুলেছেন। তারা এভাবে ভালভাবে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছেন। এই জমি ও ঘর পাওয়ার ফলে তাদের জীবনযাত্রায় উন্নতি হচ্ছে। বেসরকারি খাতে ব্যাংক খুলতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংকগুলোতে বর্তমানে ৩ লাখ স্নাতক কাজ করছে, এটা একটি অনেক বড় ব্যাপার। বিশ্ব অর্থনীতির ওপর কোভিড-১৯ মহামারির অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, অন্যান্য দেশের মতো আমরা বড় ধরনের সমস্যার মধ্যে নেই। আমরা আমাদের সমস্যাগুলো কাটিয়ে উঠছি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চলনায় সভায় বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বক্তব্য রাখেন। সম্পাদনা: খালিদ আহমেদ